মোঃ মাহমুদুল হাসান বাবু : বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালান, মাদক ও মানব পাচার রোধে গত এক বছরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের আওতাধীন ব্যাটালিয়নগুলোর অভিযানে প্রায় ৯৪ কোটি ৫২ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। একই সাথে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ জব্দ করা হয়েছে।
একই সময়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪৭ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২০ মে) পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর রিজিয়নের আওতাধীন ৪টি সেক্টরের ১৫টি ব্যাটালিয়ন ও একটি বর্ডার গার্ড হাসপাতাল ১ হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছে। গত ১ মে ২০২৫ থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত সময়ে মাদক, অস্ত্র ও চোরাচালানবিরোধী অভিযানে এ সাফল্য আসে।
অভিযানে জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ২৫ হাজার ৬২ বোতল ফেনসিডিল, ১৭ হাজার ১১১ বোতল বিদেশি মদ, ৩০ হাজার ১৯০ পিস ইয়াবা, ৬৩ কেজি গাঁজা, ১ লাখ ২ হাজার ১৭৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, ২ লাখ ৫০ হাজার ৯২৩ পিস মেটাডক্সিন ট্যাবলেট, ১ লাখ ৮০ হাজার ৩৫৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৪১ হাজার ৭২৬ পিস নেশাজাতীয় ইনজেকশন।
এছাড়াও বিভিন্ন প্রসাধনী, ওষুধ, খাদ্যপণ্য, শাড়ি, লেহেঙ্গা, কাপড়, কম্বল, জিরা, ধান, চিনি, পেঁয়াজ, আপেল ও মোবাইল ফোন জব্দ করা হয়। চোরাচালানে ব্যবহৃত ট্রাক, ইজিবাইক, মোটরসাইকেল, নৌকা ও বাইসাইকেলও আটক করা হয়েছে।
গবাদিপশুর মধ্যে ২ হাজার ২৫৩টি গরু, ৫৩৩টি মহিষ ও ৩৪টি ছাগল জব্দ করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ২৪ হাজার ৬০২ মার্কিন ডলার, ৩ লাখ ২৩ হাজার ৯৫৫ ভারতীয় রুপি এবং ৩ হাজার ইন্দোনেশিয়ান মুদ্রা।
বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে ১৪টি দেশি-বিদেশি পিস্তল, ৭টি ওয়ান শুটার গান, ২৫টি ম্যাগাজিন, ৭৫ রাউন্ড গুলি ও ৫ হাজার ৩৫০ রাউন্ড সিসা গুলি।
মানব পাচার প্রতিরোধে সীমান্ত এলাকা থেকে ১৩ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে বিজিবি। উদ্ধার হওয়াদের মধ্যে ৬ জন পুরুষ, ৫ জন নারী ও ২ শিশু রয়েছে। অপরাধে জড়িত থাকায় এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
এদিকে সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছে বিজিবি। শীতবস্ত্র বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, আর্থিক সহায়তা এবং শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় রংপুর রিজিয়নের সব ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি জ্বালানি তেল পাচার প্রতিরোধেও সফলভাবে দায়িত্ব পালন করছে বিজিবি বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের লে. কর্ণেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সকল ধরণের অপরাধ দমন করতে সীমান্তে তৎপর রয়েছে বিজিবি। গত এক বছরে আমাদের ধারাবাহিক অভিযান ও গোয়েন্দা তৎপরতার ফলে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ এবং অপরাধীদের আটক করা সম্ভব হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
