এস এ ডিউক ভূইয়া তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় নির্ধারিত টাকায় ধান কাটতে রাজি না হওয়ায় এক হারভেস্টার মালিমকে মারধর করে আহত ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আবু তাহের ওই গ্রামের আরসাদ ব্যাপারীর ছেলে। বর্তমানে তিনি তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী আবু তাহের জানান, দীর্ঘদিন ধরে তিনি কৃষকদের স্বল্পমূল্যে হারভেস্টার মেশিন দিয়ে ধান কেটে সহযোগিতা করে আসছেন। চলতি মৌসুমে ধান কাটাকে কেন্দ্র করে একই গ্রামের ইয়াছিনের ছেলে সাইমুন ও আবুল কাসেমের ছেলে হৃদয়সহ কয়েকজন ব্যক্তি তার সঙ্গে সমঝোতার জন্য চাপ সৃষ্টি করে। তারা প্রতি ৩০ শতাংশ জমির ধান কাটার জন্য কৃষকদের কাছ থেকে ৫ হাজার টাকা নেওয়ার কথা বলে এবং সেই টাকা থেকে ২ হাজার টাকা করে তাদের দিতে হবে বলে দাবি করেন।
তিনি আরও জানান, ওই দাবিতে রাজি না হওয়ায় অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। এ সময় পিস্তলের বাট ও হাতে থাকা সুচালো আংটি দিয়ে মাথা, মুখ, নাক ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে রক্তাক্ত জখম করা হয়। হামলার সময় তার কাছে থাকা হারভেস্টার মেশিনের চাকা কেনার টাকা ও তিন দিনের ধান কাটার আয়সহ প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা নগদ নিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি।
এছাড়া এর আগেও অভিযুক্তরা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিল বলে অভিযোগ করেন আবু তাহের।
এ ঘটনায় তিনি তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
