শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তেলিহাটি ইউনিয়নসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহজাহান মোড়ল। তিনি ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি কুরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় শাহজাহান মোড়ল বলেন, “ঈদুল আযহা আমাদের ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এটাই প্রত্যাশা। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই হোক ঈদের প্রকৃত শিক্ষা।”
তিনি আরও বলেন, “কুরবানির পর পশুর বর্জ্য যেখানে-সেখানে ফেলে রাখলে পরিবেশ দূষণ, দুর্গন্ধ এবং বিভিন্ন রোগের ঝুঁকি তৈরি হয়। তাই সবাইকে সচেতন হতে হবে। নিজ নিজ অবস্থান থেকে দ্রুত বর্জ্য পরিষ্কার ও নির্ধারিত স্থানে ফেলতে হবে। একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা আমাদের সবার দায়িত্ব।”
তেলিহাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঈদকে সামনে রেখে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, যুবসমাজ ও স্বেচ্ছাসেবীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
শাহজাহান মোড়ল বলেন, “শুধু ঈদের দিন নয়, সারাবছরই আমাদের পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় সচেতন থাকতে হবে। একটি পরিচ্ছন্ন ইউনিয়ন গড়ে তুলতে সামাজিক দায়িত্ববোধ খুবই গুরুত্বপূর্ণ। সবাই একসঙ্গে কাজ করলে তেলিহাটিকে একটি আধুনিক, সুন্দর ও বাসযোগ্য ইউনিয়নে পরিণত করা সম্ভব।”
স্থানীয়দের মতে, ঈদের শুভেচ্ছার পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক বক্তব্য সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। বিশেষ করে কুরবানির সময় পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে এ ধরনের আহ্বান সময়োপযোগী বলেও মনে করছেন তারা।
