জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও: পুষ্টি ঘাটতি পূরণে ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ধান-১০২ এর আবাদ সম্প্রসারণে কৃষকদের উদ্বুদ্ধ করতে ও ধানের আবাদ বাড়াতে কৃষকদের নিয়ে মাঠ দিবস ও আলোচনা সভা করা হয়েছে। এতে জিংকসমৃদ্ধ ধানের উৎপাদন, পরিচর্যা ও পুষ্টিগুণ সম্পর্কে কৃষকদের সচেতন করা হয়।
শনিবার (২৩ মে) বিকেলে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার শতাধিক কৃষক-কৃষাণী অংশ নেন।
মাঠ দিবসে কৃষকদের সামনে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২, ব্রি ধান-১০০ ও ব্রি ধান-৭৪ এর উৎপাদন সক্ষমতা, চাষাবাদ পদ্ধতি ও পুষ্টিগুণ তুলে ধরা হয়। কৃষি বিশেষজ্ঞরা জানান, শিশু ও নারীদের শরীরে জিংকের ঘাটতি পূরণে এসব ধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে ইএসডিও’র কোঅর্ডিনেটর কৃষিবিদ মো. আশরাফুল আলমের সঞ্চালনায় বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসিরুল ইসলাম, কৃষি উপ-সহকারী উত্তম কুমার বর্মন, শাহীন আলী এবং ইএসডিও’র প্রোগ্রাম অফিসার মো. আবু তালহা (শিশির)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
তারা বলেন, শুধু খাদ্য উৎপাদন বাড়ালেই হবে না, মানুষের জন্য পুষ্টিগুণসম্পন্ন খাদ্য নিশ্চিত করাও জরুরি। সেই লক্ষ্যেই বিজ্ঞানীরা জিংকসমৃদ্ধ ধানের নতুন নতুন জাত উদ্ভাবন করেছেন, যাতে সাধারণ মানুষ ভাতের মাধ্যমেই পুষ্টির চাহিদা পূরণ করতে পারে।
তারা আরও বলেন, মাঠ পর্যায়ে কৃষকদের সচেতন ও উদ্বুদ্ধ করতে নিয়মিত প্রশিক্ষণ, প্রদর্শনী ও মাঠ দিবসের আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে কৃষকদের এসব জিংকসমৃদ্ধ ধানের চাষ বৃদ্ধি এবং এর চালের ভাত খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
এছাড়াও মাঠ দিবসে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষকৃত ধানের ক্রপ কাটিং করা হয়। কর্তনকৃত ধান মাড়াই শেষে হেক্টরপ্রতি ফলন পাওয়া যায় ৫ দশমিক ৮১ টন।
