সবুজ হোসেন, নওগাঁ: মাদ্রাসার অর্থ আত্মসাৎ করার অভিযোগে নওগাঁর বদলগাছী উপজেলার নুনুজ কলিমিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম ও সহকারী শিক্ষক (কম্পিউটার) কাজল রেখাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। গত ১৩ মে তারিখের সিদ্ধান্ত মোতাবেক আজ রোববার পোস্ট অফিস মাধ্যমে তাদের এ কারণ দর্শানোর নোটিশ দেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
শোকজ নোটিশ সূত্রে জানা যায়, গত ১৩ মে তারিখের গভর্ণিং বডির সিদ্ধান্ত মোতাবেক আপনারা জোগসাজসে অত্র মাদ্রাসার সাধারণ তহবিল থেকে ২০২২ খ্রিস্টাব্দের ২২ আগস্ট থেকে ২০২৩ খ্রিস্টাব্দের ১ আগস্ট পর্যন্ত কোন প্রকার সিদ্ধান্ত ব্যতিত বিনা রেজুলেশনে বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ অর্থ উত্তোলন পূর্বক আত্মসাৎ করেছেন। যেহেতু এত বিপুল পরিমাণ অর্থ কলামনার ক্যাশ বহিতে লিপিবদ্ধ নেই এবং এর বিপরীতে ব্যয় সংক্রান্ত ভাউচারাদিও নেই। উক্ত হিসাবটি আপনারা যৌথভাবে পরিচালনা করেছেন। আত্মসাৎকৃত অর্থের পরিমাণ ৫,৫৩,৮৬০ টাকা। এত বিপুল পরিমাণ অর্থ নিয়ম বহির্ভুতভাবে উত্তোলন ও আত্মসাৎ করে চাকুরী ক্ষেত্রে অনৈতিক আচরণের পরিচয় দিয়েছেন। এমনকি সহকারী শিক্ষক কাজল রেখা ১২৫১৯৩৫ ও ৯২৫১৯৩৬ নম্বর ২ টি চেকের মাধ্যমে মোট ৫৮,৬০০ টাকা উত্তোলন করে নিয়েছে। যা ক্যাশ বহিতে লিপিবদ্ধ নেই। তাই কেন আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তা পত্র প্রাপ্তির ১০ কর্ম দিবসের মধ্যে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও সভাপতির নিকট সন্তোষজনক জবাব দাখিলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষক কাজল রেখা বলেন, অধ্যক্ষ আমাকে ফাঁকা চেকে স্বাক্ষর করতে বলতেন। আমি তাই করতাম। দুটি চেকের মাধ্যমে তিনি নিজে টাকা উত্তোলনের কোন সদুত্তর দিতে পারেননি।
এ বিষয়ে জানতে অধ্যক্ষ শহিদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তার নাম্বার বন্ধ পাওয়া যায়। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল জলিল বলেন, গত ১৩ মে তারিখে গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামকে এবং শিক্ষক কাজল রেখাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি পলাশ হোসেন বলেন, তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠায় প্রতিষ্ঠানের ক্যাশ বই যাচাই করা হয়। সেখানে অনিয়ম পাওয়ায় তাদের শোকজ করা হয়েছে।
