মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বরগুনার আমতলীতে ক্যান্সার রোগী ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। সংগঠনটির সদস্যরা নিজেদের হাত খরচের টাকা সাশ্রয় করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
আজ ২৭ মে রোজ বুধবার আমতলী পৌরসভার বিভিন্ন এলাকার দরিদ্র, নিম্নআয়ের ও ক্যান্সারে আক্রান্ত পরিবারের হাতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় বাজারসামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা। ঈদের আনন্দ থেকে যেন কোনো অসহায় পরিবার বঞ্চিত না হয়— সেই চিন্তা থেকেই তাদের এ মানবিক উদ্যোগ।
সংগঠনের সদস্যরা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করাই তাদের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। ঈদ উপলক্ষে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পেরে তারা আনন্দিত বলেও জানান।
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতেও ক্যান্সার রোগী, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, তরুণদের এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানবিক দায়িত্ববোধ থেকে পরিচালিত এ ধরনের কার্যক্রম অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে বলে ধারণা করা হচ্ছে।
