পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় শিশুর মৃত্যুর ঘটনায় তথ্য সংগ্রহ করতে গিয়ে ইউপি সদস্য উমাপদ রায়ের নেতৃত্বে একদল স্থানীয়ের হামলা ও মারধরের শিকার হন জেলা পুলিশের ডিএসবি শাখার কনস্টেবল ফরিদুল ইসলাম। এ ঘটনায় ওই পুলিশ সদস্য দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন৷ এর পরপরই মারধর করা আসামীরা ক্ষিপ্ত হয়ে আক্রোশমূলক নিজের অপরাধ ঢাকার জন্য ইউপি সদস্যকে দিয়ে ওই ডিএসবি সদস্য ফরিদুল ইসলামের সাথে আপোষ করার নাটক সাজিয়ে উল্টো পুলিশ সুপার বরাবরে অভিযোগ দায়ের করেছেন।
এর আগে, গত ১৯ মে দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় পাপড়ী রানী (৬) নামে এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন এবং ট্রাকেঅগ্নিসংযোগ করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ছবি তুলতে গিয়ে হামলা ও মারধরের শিকার হন পুলিশ সদস্য ফরিদুল ইসলাম। এসময় তার মোবাইল, মানিব্যাগ, ব্যাংকের কার্ড সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয় হামলাকারীরা। পরে তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তবে ঘটনা এখানেই শেষ নয়। বিচার প্রার্থী পুলিশ সদস্য থানায় গিয়েও নানা হয়রানির শিকার হন। ঘটনার পরে মামলা করার জন্য এজহার দিলেও তা নিতে দেরী করে থানা পুলিশ। মামলা নেয়া হয় ২২ মে। এতে তিনি ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০-৬০ জনকে আসামী করেন। তবে মামলা হবার পরপরই নিজেদের বাঁচাতে নাটক সাজায় উমাপদ মেম্বার সহ হামলাকারীরা। তারা ফরিদুলকে চিকিৎসা সহ মিমাংসার জন্য ২ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে চায়। একই সাথে মামলার আসামীদের কাছে ৩৭ হাজার টাকা তোলেন উমাপদ মেম্বার। তবে উত্তোলন করা টাকা ফরিদুলকে দিয়েছেন মর্মে যে দাবি করছেন তিনি তার কোন ভিডিও, অডিও রেকর্ড সহ কোন প্রমানাদি এই প্রতিবেদককে দেখাতে পারেন নি তিনি। একই সাথে তার কথার অসংলগ্নতা পাওয়া যায়। তাকে এই নাটক সাজাতে সহায়তা করেন দেবীগঞ্জের পামুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা পরেশ চন্দ্র রায়। মামলার পর তারা টাকা দিয়ে মিমাংসার বিষয়টি সর্বত্র ছড়িয়ে দেন। একই সাথে ২৪ মে জেলা পুলিশ সুপারকে অভিযোগ দিয়ে পুলিশের ডিএসবি শাখায় গিয়ে আপোষ করার অনুরোধ করে আসেন।
ভূক্তভোগী পুলিশ সদস্য ফরিদুল ইসলাম জানান, দেবীগঞ্জের দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমাকে মারধর করা হয়। এ ঘটনায় ২২ মে দেবীগঞ্জ থানায় মামলা করি। এরপর তারা আমাকে আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে দেবীডুবা ইউনিয়ন পরিষদের ইউপি উমাপদ রায় পুলিশ সুপারের কাছে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ দেয়া হয়। যদিও কোন কোন প্রমান নেই। তারা আমাকে হেয় করতে ও মামলা থেকে বাঁচতে নাটক শুরু করেছে।
অভিযুক্ত ইউপি সদস্য উমাপদ রায় জানান, আমরা তাকে চিনতে পারিনি। এসময় লোকজন তাকে মারধর করেছে। পরে তাকে হাসপাতালে দেখতে যাই। আপোষের কথা বলে টাকা নিয়ে মিমাংসা না করে মামলা করার কারনে আমি অভিযোগ দিয়েছি। তবে আমাদের কাছে টাকা দেয়ার কোন ভিডিও বা প্রমান নেই। আমরা ভয় করেছিলাম তিনি কিছু করতে পারেন এজন্য অনেক লোক নিয়ে গিয়েছিলাম আর তিনি একাই ছিলেন। আমরা ৩৭ হাজার টাকা দিয়েছি। বাকী টাকা ৫ দিনের মধ্যে দিতে চেয়েছি। তবে চাওয়া মাত্রই কোন প্রমান না রেখে টাকা কেন দিলেন তার কোন সদুত্তর তিনি দিতে পারেন নি।
দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় বলেন, আসলে আমার ইউনিয়নে ঘটনাটি ঘটেছে। যাদের মামলা হয়েছে তারা কেউ জানতো না যাকে মেরেছে সে পুলিশ সদস্য। পরে ওই পুলিশ সদস্যকে মোবাইলসহ প্রয়োজনীয় জিনিস কিনতে টাকা দেয়া হয়েছে। এ বিষয়ে পুলিশ সুপার বরাবরে অভিযোগ দেয়া হয়েছে।
দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যেটি এখন ডিবি পুলিশের হাতে তদন্তাধীন। আর মামলার আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
