ঠাকুরগাঁও প্রতিনিধি:- দেশে সুন্দর, সুষ্ঠু, সহনশীল ও উদারপন্থী রাজনীতি চাই৷ সব রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই। বক্তব্য রাখতে দিতে চাই,জনগণের সামনে দিতে চাই৷ তাদের মধ্য থেকে জনগণ বেছে নিবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বিকালে কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি৷
মন্ত্রী বলেন, আপনাদের দোয়া ও ভালবাসা সমর্থনে আমি বিপুল ভোটে জয়ী হয়েছি। দল মত নির্বিশেষে সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। আপনাদের এলাকা ঐতিহ্য বাহী এলাকা। অধিকার রক্ষার জন্য, গণতন্ত্রের জন্য, কৃষক-ছাত্র আন্দোলন হয়েছে৷ আমরা ৭১ এর বীরদের ভুলে যাবনা৷
মির্জা ফখরুল আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে নেতা-কর্মীরা ঠিকমত ঘুমাতে পারেনি৷ আমি ভুলিনি এসব, ভুলতে পারিনা৷ লুটের লুট করে নিয়ে গেছে। দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। ১৮ সালে আগের রাতে ভোট হয়ে গেছে৷ এবারের নির্বাচনে কোন কারচুপি হয়নি৷ বিএনপিরর ওপর আস্থা রেখেছে। তারেক রহমানের ওপর আস্থা রেখেছে। দুই-তৃতীয়াংশ ভোট পেয়েছে। একটা দল মনে করেছিল বিএনপি নেই৷ বিএনপি সংখ্যাগরিষ্ঠাতা পেয়েছে৷
মন্ত্রী আরও বলেন, এখন যারা বিএনপি করেন তাদের দায়িত্ব অনেক বেশি৷ জনগন আপনাদের ওপর আস্থা রেখেছে৷ মারপিট করে ক্ষমতায় ঠিকে থাকলে হাসিনা থাকত৷ খুব অল্প সময়ের মধ্যে অনেক গুলো কাজ করতে সক্ষম হয়েছি৷ জনগণ বারবার বিএনপিকে ভোট দেয়৷ কারন বিএনপি কাজ করতে পারে৷
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
