পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০৬ জুন) সকালে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিশেষে বোদা পৌরসভার উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন স্থানে এডিস মশা নিধনে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত সচেতনতামূলক র্যালিতে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুল কবির। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং বোদা পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, “ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন, বোদা পৌরসভা এবং স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যেই পৌর এলাকায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।”
তিনি আরও বলেন, “সবার সমন্বিত প্রচেষ্টা এবং সাধারণ মানুষের সচেতনতার মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।” এসময় তিনি পৌরবাসীসহ উপজেলার সকলকে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং কোনো খোলা পাত্রে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
