ঢাকাThursday , 18 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাবা ছিলেন প্রতারক, ছেলে মামলাবাজ’ স্লোগানে মানববন্ধনে ব্যবসায়ীরা

Mahamudul Hasan Babu
June 18, 2026 11:01 am
Link Copied!

আবু সালমান  (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে মুন্সিরহাট বাজার জামে মসজিদের ওয়াকফকৃত জমি দখলের অভিযোগে দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় দোকান মালিক ও ব্যবসায়ীরা।
তারা মামলাটিকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে মামলা প্রত্যাহারের আহবান জানান। এছাড়াও সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
বুধবার (১৭ জুন) বিকালে উপজেলার চর মার্টিন ইউনিয়নের মুন্সিরহাট বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাজারের ক্ষতিগ্রস্ত ৫২ জন ঘর মালিক -ব্যবসায়ী ও স্থানীয় কয়েকশ’ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন বাজার পরিচালনা কমিটির সহসভাপতি মো. জাহাঙ্গীর, সেক্রেটারি মাওলানা ইবরাহীম, ঘর মালিক মুফতি শরিফুল ইসলাম, মকবুল আহমেদ বকুল, শাজাহান কামাল ও শাহাদাত হোসেন।
এসময় ব্যবসায়ীরা নিজেদেরকে ওই দোকানভিটির বৈধ মালিক বলে দাবি করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ৬০ বছর আগে প্রতিষ্ঠিত মুন্সিরহাট বাজারের শুরুতে বাজারের প্রতিষ্ঠাতা মরহুম মৌলভী ছিদ্দিক উল্যা ব্যবসায়ীদের কাছে দোকান ভিটি হিসেবে জমি বিক্রি করে দখল বুঝিয়ে দেন। তবে পরবর্তীতে বিভিন্ন অজুহাতে জমি রেজিস্ট্রি না দিয়ে তা গোপনে মসজিদের নামে রেজিষ্ট্রি করে দেওয়া হয়।
তারা আরো বলেন প্রতারণার বিষয়টি জানার পর ছিদ্দিক উল্লাহ তাদের সঠিক সমাধানের আশ্বাস দিলেও পরবর্তীতে সেটির আর কোনো সমাধান দেননি। বর্তমানে সেই বিষয়কে কেন্দ্র করে বিক্রেতা মরহুম ছিদ্দিক উল্লাহ মুন্সির ছেলে বাবুল মুন্সি বাজারের অন্তত ৫২জন দোকানঘর মালিক এবং ব্যবসায়ীরদের একের পর এক মামলা দিয়ে হয়রানি করছেন বলেও অভিযোগ করেন তারা। তারা জানান, প্রতারক ছিদ্দিক উল্লাহ মানুষের থেকে জমি বিক্রির টাকা নিয়ে গোপনে প্রতারণা করে মসজিদের নামে কবলা দিয়েছিলেন। এখন তার ছেলে মসজিদের নামে দেয়া জমি নিজেদের দাবি করে আদালতে পরপর দুটি মামলা দিয়ে হয়রানি করছে।বর্তমানে আদালতে মামলা দুটি চলমান রয়েছে।
দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসা ব্যবসায়ীরা নিজেদের বৈধ ক্রেতা দাবি করে বলেন, তারা কোনো অবৈধ দখলদার নন।তারা বাজারের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে মামলা প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধানের আহবান জানান।
উল্লেখ্য, গত ১১ মে লক্ষ্মীপুর যুগ্ম জেলা জজ ২য় আদালতে মুন্সিরহাট বাজার জামে মসজিদ কমিটির সভাপতি আবদুল বাতেন বাবুল ৮৭ জন স্থানীয় ব্যবসায়ী ও ভূমি প্রশাসনকে বিবাদী করে একটি দেওয়ানি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, চর মার্টিন মৌজার ২.৩৮ একর জমির মধ্যে ১৯৭৮ থেকে ১৯৮৫ সালের মধ্যে ৬৯ শতাংশ জমি মসজিদের নামে ওয়াকফ করা হয় এবং বর্তমানে ওই জমি অবৈধভাবে দখল করা হয়েছে বলে অভিযোগ আনা হয়।
তবে ব্যবসায়ীদের দাবি, তারা বৈধভাবে জমি ক্রয় করে দীর্ঘ সময় ধরে সেখানে ব্যবসা পরিচালনা করছেন এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।