এস এ ডিউক ভূইয়া তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ আকালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সুধী সমাবেশের মধ্য দিয়ে মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়া। তিনি লাল ফিতা কেটে এবং ভিত্তিফলক উন্মোচনের মাধ্যমে দক্ষিণ আকালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে দক্ষিণ আকালিয়া ১ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সেলিম ভূইয়া এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় এলাকাবাসী দীর্ঘদিনের গ্যাস সংকটের বিষয়টি তাঁর নজরে আনলে তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট গ্যাস অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলেন। পরে তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে জানান, দ্রুত সময়ের মধ্যে গ্যাস সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বলরামপুর ইউনিয়নের ১ নম্বর দক্ষিণ আকালিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নাজমুল হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া, সহসভাপতি কাজী কবির হোসেন সেন্টু এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান সওদাগর।
এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী আলী হোসেন মোল্লা, সহসভাপতি ও জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন আখন্দ, মিজানুর রহমান ভুলু সিকদার, আক্তারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আমিরুল ইসলাম মানিক, ডা. গোলাম মহিউদ্দিন জিলানী ভূঁইয়া, বাতাকান্দি বাজার কমিটির সভাপতি মো. মাইন উদ্দিন, উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কামরুজ্জামান হিরা,কোষাধ্যক্ষ মো.জামাল উদ্দিন প্রধান, নির্বাহী সদস্য মো. নজরুল ইসলাম মাঝিসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
মসজিদের শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, নবনির্মিত এই মসজিদটি এলাকার ধর্মীয় শিক্ষা, ইবাদত-বন্দেগি এবং সামাজিক সম্প্রীতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
