ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, রক্ষণাবেক্ষণ পরিকল্পনা, মোবাইল অ্যাপস এবং ওয়েবভিত্তিক আরএসডিএমএস সফটওয়্যার বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বেসরকারি সংস্থা ইএসডিও’র একটি হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ঠাকুরগাঁওয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এলজিইডি ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্য অতিথিরা।
কর্মশালায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের সঠিক রক্ষণাবেক্ষণ পরিকল্পনা প্রণয়ন, তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আধুনিক প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ সড়কের তথ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।
বিশেষ করে মোবাইল অ্যাপস এবং ওয়েবভিত্তিক আরএসডিএমএস সফটওয়্যার ব্যবহার করে সড়কের তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা করেন বেটস কনসালটেন্ট সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী শিমুল কুমার কুন্ডু।
দিনব্যাপী এ কর্মশালায় এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
