ঢাকাMonday , 26 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে তিন বাড়িতে ভাঙচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক পুলিশ মোতায়েন

Mahamudul Hasan Babu
October 26, 2026 4:57 pm
Link Copied!

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:রংপুরের পীরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মকে ব্যঙ্গ করে ভিডিও তৈরির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলার সদর ইউনিয়নের চক করিম (তেলিপাড়া) গ্রামের তিনটি পরিবারের তিনটি ঘরে ভাঙচুর চালিয়েছে উত্তেজিত লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের চক করিম (তেলিপাড়া) গ্রামের বাসিন্দা বিশু চন্দ্র মহন্তের ছেলে সৌরভ চন্দ্র মহন্ত (২২) এর বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মকে ব্যঙ্গ করে ভিডিও তৈরির অভিযোগ ওঠে। এ অভিযোগ ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে উত্তেজিত লোকজন ওই এলাকার তিনটি বাড়িতে ভাঙচুর চালায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

জগদিশ চন্দ্র মহন্ত বলেন, মাগরিবের নামাজের পর একদল লোক এসে আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। মাগরিবের পর কারেন্ট না থাকায় আমরা তাদের চিনতে পারি নাই।

হামলায় ক্ষতিগ্রস্থ দীনেশ চন্দ্র মহন্ত জানায় একদল লোক সন্ধ্যায় এসে বাড়ীঘরে হামলা চালায় এবং ৩ টি ছাগল ঘরের আসবাপত্র লুটপাট করে নিয়ে যায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী এবং স্থানীয় বিএনপির নেতারা। তাঁরা ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে আরও ছড়িয়ে না পড়ে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।