আবু সালমান রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের রামগতিতে প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী, ক্রীড়া সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ আকবর হোসেন রিদন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের ৭ নম্বর জার্সিধারী উদীয়মান খেলোয়াড় মো. সাজিদুল ইসলাম তাকিব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক কৃতি ফুটবলার ও রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মুহাম্মদ দিদারুল ইসলাম খন্দকার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল আমিন কমিশনার, আজাদ উদ্দিন ডলার, মাস্টার আবু ছায়েদসহ উপজেলার বিভিন্ন ক্রীড়া সংগঠক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করার পাশাপাশি এলাকার ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও নতুন প্রতিভা তৈরিতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
পরে রামগতির কৃতি সন্তান বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ আকবর হোসেন রিদন এবং জাতীয় দলের উদীয়মান ফুটবলার মো. সাজিদুল ইসলাম তাকিবকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং রামগতি থেকে জাতীয় পর্যায়ের আরও প্রতিভাবান খেলোয়াড় উঠে আসতে ভূমিকা রাখবে।
