ঢাকাSaturday , 7 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রামগতি-সোনাপুর সড়কের উন্নয়নকাজ বন্ধের ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয় জনতা

Mahamudul Hasan Babu
November 7, 2026 12:37 pm
Link Copied!

আবু সালমান রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত চর আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক মহাসড়ক (জেড-১৪০৫) উন্নয়নকাজ বন্ধের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যক্তিস্বার্থে একটি মহল গুরুত্বপূর্ণ এ উন্নয়নকাজ বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও সচেতন মহল।
জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরে লক্ষ্মীপুর সড়ক বিভাগের অধীনে সড়কটির ২৯তম থেকে ৫৪তম কিলোমিটার পর্যন্ত যথাযথ মানে উন্নীতকরণ, আনুষঙ্গিক কাজ এবং ৪০ মিটার দৈর্ঘ্যের একটি আরসিসি বক্স কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ADP/LRD/OSTETM/NSEZ/WP-02/2024-2025 প্যাকেজ নম্বর এবং ১১৩১২৫৭ টেন্ডার আইডির আওতায় প্রায় ১৪৬ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও রিমি নির্মাণ লিমিটেড (জেভি)। ২৪ মাস মেয়াদি প্রকল্পটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সর্বনিম্ন দরদাতা হিসেবে প্রতিষ্ঠান দুটি পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে সম্প্রতি প্রকল্পটি নিয়ে একটি স্বার্থান্বেষী মহল ভিত্তিহীন তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ এই সড়কের উন্নয়নকাজ বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। রামদয়াল এলাকার পথচারী জামাল উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন,লক্ষ্মীপুর থেকে কমলনগর ও রামগতি হয়ে নোয়াখালী যাতায়াতের অন্যতম প্রধান সড়ক এটি। কিছু কুচক্রী মহল ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য উন্নয়নকাজ বন্ধের ষড়যন্ত্র করছে। এ ধরনের অপচেষ্টা অব্যাহত থাকলে এলাকাবাসী কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

ঠিকাদারি প্রতিষ্ঠান আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের প্রকৌশলী মো. সজিব বলেন, সরকারি প্রাক্কলন ও নিয়মনীতি অনুসরণ করে সম্পূর্ণ সুচারুভাবে প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এ বিষয়ে লক্ষ্মীপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন,আমি এত বড় টেন্ডার দিতে পারি না। কে বা কারা আমাকে জড়িয়ে বিভিন্ন পত্রিকায় নিউজ করেছে, সে বিষয়ে আমি কিছুই জানি না।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, রামগতি ও কমলনগর উপজেলার যোগাযোগব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের যাতায়াতের জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সব ধরনের অপপ্রচার ও বাধা দূর করে প্রকল্পের কাজ দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।