পঞ্চগড় প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলার ২০২৭-২০২৮ সেশনের আমীর পুনরায় নির্বাচিত মাওলানা ইকবাল হোসাইন আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। সংগঠনের রুকনদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আমীরের শপথ গ্রহণ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় পঞ্চগড় শহরের মনোয়ারা কনভেনশন সেন্টারে জামায়াতের জেলা রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য পঞ্চগড় জেলার নবনির্বাচিত আমীর মাওলানা ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর দিনাজপুর অন্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঞ্চল টিম সদস্য আ. রশিদ ও মাওলানা আ. হাকিম ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন বলেন, ইসলামী আন্দোলনের দায়িত্ব কোনো সামাজিক স্ট্যাটাস কিংবা ব্যক্তিগত মর্যাদার বিষয় নয়; বরং এটি একটি গুরুত্বপূর্ণ আমানত। প্রত্যেক দায়িত্বশীলকে আন্তরিকতা, সততা ও জবাবদিহির মানসিকতা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে হলে প্রত্যেক দায়িত্বশীলকে নিজেদের রুহানিয়াত বা আত্মিক শক্তি বৃদ্ধি করতে হবে। রুহানিয়াত শক্তিশালী হলে কাজের মধ্যে বরকত আসবে ।
