রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে অবস্থিত আলিফ হোটেলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. রুবেল।
জানা যায়, ২০২৩ সালে হাজিরহাট বাজারে আধুনিক ও রুচিশীল পরিবেশে সর্বোচ্চ বিনিয়োগের মাধ্যমে যাত্রা শুরু করে আলিফ হোটেল। প্রতিষ্ঠানটি চালুর পর থেকে খাবারের মান, স্বাদ ও পরিবেশের কারণে ক্রেতাদের কাছে সুনাম অর্জন করেছে। পরবর্তীতে প্রতিষ্ঠানটির অনুকরণে আশপাশে আরও কয়েকটি খাবারের হোটেল গড়ে ওঠে।
হোটেলের স্বত্বাধিকারী মো. রুবেল জানান, তাঁদের প্রতিষ্ঠানটি সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরার আওতাধীন। খাবারের মান ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে রান্নাঘরে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি রাখা হয়।
তিনি বলেন, গত শুক্রবার (৬ নভেম্বর) একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। এতে তাঁর ব্যক্তিগত সম্মান ও ব্যবসাপ্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হয়েছে বলে তিনি দাবি করেন। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আটজন যুবককে শনাক্ত করা হয়েছে। তাঁদের সঙ্গে কথা বলার পর তাঁরা নিজেদের ভুল বুঝতে পেরে ব্যবহৃত মোবাইল ফোন থেকে সংশ্লিষ্ট ছবি ও ভিডিও মুছে ফেলেছেন বলে জানান তিনি। তবে প্রমাণ হিসেবে তাঁদের ছবি স্ক্রিনশট করে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
রুবেল আরও বলেন, দূরদূরান্ত থেকে আসা পর্যটকদের জন্য তাঁদের হোটেলে খাবারের ওপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। বর্তমানে ৪৪ জন দক্ষ কর্মচারী প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৪০০ জন ক্রেতাকে সেবা দিয়ে থাকেন।
এ বিষয়ে কমলনগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. রিয়াজ জানান, হাজিরহাট বাজারের আলিফ হোটেলকে ঘিরে ফেসবুকে ছড়িয়ে পড়া বিষয়টি দেখে তাঁরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। হোটেলের রান্নাঘরের পরিবেশ সন্তোষজনক পাওয়া গেছে। তবে হোটেলের সার্বিক পরিবেশ পরিদর্শন করে ভবিষ্যতে খাবারের মান ও স্বাস্থ্যবিধি বজায় রাখার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, উপজেলার বিভিন্ন বাজারের খাবারের হোটেল ও কনফেকশনারি প্রতিষ্ঠান নিয়মিত মনিটরিং করা হচ্ছে।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান জানান, বাজারের খাবারের দোকানসংক্রান্ত ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
