গোপালগঞ্জ প্রতিনিধি। গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের পাশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত সোমবার (৯ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত এই বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা ভবন এলাকা। এতে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম জানান, উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনের ফাঁকা জায়গায় দুর্বৃত্তরা ককটেলটি বিস্ফোরিত করে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও জানান, ককটেল বিস্ফোরণের ঠিক কিছুক্ষণ পর মুক্তিযোদ্ধা ভবনের পেছনে অবস্থিত ‘ক্যাফে একাত্তর’ নামক রেস্তোরাঁর জেনারেটর অতিরিক্ত গরম হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ককটেল বিস্ফোরণ এবং জেনারেটরে আগুন লাগার এই দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র বা সম্পৃক্ততা নেই।
এ ঘটনার পর স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
