রামগতি (লক্ষীপর) প্রতিনিধি : শুক্রবার সরকারি ছুটির দিন। স্বাভাবিকভাবে দাপ্তারিক কার্যক্রমও বন্ধ। অথচ বন্ধের দিনেও জাতীয় পতাকা উড়তে দেখা গেছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের আবদুল ওয়াহেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। খবর পেয়ে সরেজমিন গিয়ে জানা যায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্কুল শুরু হওয়ার সময় জাতীয় পতাকা উত্তোলন করা হলেও সেটি আর নামানো হয়নি। স্কুল ছুটি দিয়ে প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষকরা বাড়িতে চলে যান। এরপর বৃহস্পতিবার সারারাত ও পরদিন শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটা এ রিপোর্ট লেখা পর্যন্ত জাতীয় পতাকাটি উড়তে দেখা গেছে ওই বিদ্যালয়ে। স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান, ইমতিয়াজ আহমেদ ও খায়রুল ইসলাম বলেন, আব্দুল ওয়াহেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক শিক্ষা মন্ত্রণালয়ের কোন নিয়মনীতির তোয়াক্কা না করে সম্পুর্ন একতরফা ও মনগড়া ভাবে স্কুল পরিচালনা করে আসছে। স্কুল বন্ধের দিনে জাতীয় পতাকা টানিয়ে রেখে তিনি জাতীয় পতাকা অবমাননা করছেন।
এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক ব্যক্তিগত কাজে নোয়াখালীর মাইজদী যাচ্ছেন বলে ফোন কেটে দেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহে আলম বলেন, বন্ধের দিনে পতাকা টানিয়ে রাখার কোনো নির্দেশনা নেই। এটা এক ধরনের জাতীয় পতাকা অবমাননার শামিল। খবর পেয়ে ওই বিদ্যালয়ে লোক পাঠানো হয়েছে।
