নাটোর প্রতিনিধি:নাটোরের নলডাঙ্গায় অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুটি লাইসেন্সবিহীন ফার্মেসিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয়েছে ৫৩টি অবৈধ যৌন উত্তেজক সিরাপ, যা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চেউখালী এলাকায় জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে লাইসেন্সবিহীন ‘মহিদুল ইসলাম ফার্মেসি’র স্বত্বাধিকারী মো. মহিদুল ইসলামকে (৪০) ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি চেউখালী এলাকার মৃত তাহের মণ্ডলের ছেলে।
অন্যদিকে, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে একই এলাকার ‘রইচ উদ্দিন ফার্মেসি’র স্বত্বাধিকারী মো. রইচ উদ্দিনকে (৪৯) ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি শমসের আলীর ছেলে। উভয় ফার্মেসিই লাইসেন্সবিহীন বলে জানা গেছে।
অভিযানকালে জব্দ করা ৫৩টি অবৈধ যৌন উত্তেজক সিরাপ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। পরে দুই ফার্মেসি থেকে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় নলডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে।
এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ শামীম হোসেন বলেন,
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার স্যারের দিকনির্দেশনায়, “জনস্বাস্থ্য সুরক্ষা ও সাধারণ মানুষের নিরাপদ ওষুধপ্রাপ্তি নিশ্চিত করতে প্রশাসন নিয়মিত তদারকি করছে। অবৈধ, লাইসেন্সবিহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধের ব্যবসার সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
