আগামী ০৫ ডিসেম্বর প্রধানমন্ত্রীর গাইবান্ধা সফর উপলক্ষে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌরসভার গোহাটি এলাকায় করতোয়া নদীর খনন কার্যক্রমের পূর্বপ্রস্তুতি পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ। পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প নিয়ে ব্রিফ করেন।
ব্রিফিংয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমানের সরকার শুধু খাল বা নদী খনন করেই কাজ শেষ করে না। খননের পর উত্তোলিত মাটি বা ড্রেজড ম্যাটেরিয়াল যেন পুনরায় খাল-নদীতে না মিশে যায়, সেজন্য একটি ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করা হয়েছে। ওই নীতিমালা অনুযায়ী স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট অংশীদারদের সমন্বয়ে খননকৃত মাটি অপসারণ করা হচ্ছে।
প্রকল্পের সম্ভাব্য সুফল তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, এর বাস্তবায়নে করতোয়া নদীতে স্বাভাবিক পানিপ্রবাহ সচল হবে এবং সংরক্ষিত পানি ব্যবহার করে ধানসহ রবি শস্যের উৎপাদন বৃদ্ধি পাবে। এতে কৃষক ও সাধারণ মানুষের আয় বাড়বে। পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে এলাকার পরিবেশ সুরক্ষিত হবে।
উল্লেখ্য, বগুড়া ও গাইবান্ধা জেলার করতোয়া, ইছামতি ও গজারিয়া নদীর নাব্যতা পুনরুদ্ধার, পলি জমা ও জলাবদ্ধতা নিরসন এবং বন্যার ঝুঁকি কমাতে ১,০৯৪.৩৫ কোটি টাকা ব্যয়ে ‘করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প’ গ্রহণ করা হয়েছে, যা গত ১৬ জুন ২০২৬ তারিখে একনেক সভায় অনুমোদিত হয়। জুলাই ২০২৬ থেকে জুন ২০৩০ মেয়াদে বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় নদী পুনঃখনন, তীর সংরক্ষণ, পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ, সেচ ও নিষ্কাশন সুবিধা বৃদ্ধি, কৃষি ও মৎস্য উৎপাদন এবং কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ৫,২৫০টি ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণের পরিকল্পনা রয়েছে।
পরিদর্শনকালে সংরক্ষিত আসনের মহিলা সদস্য মমতাজ আলো, পানি সম্পদ সচিব, জেলা প্রশাসক, মহাপরিচালক পানি উন্নয়ন বোর্ডসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
