পঞ্চগড় প্রতিনিধি: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বোদা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহমেদ রাসেদ উল-নবী, উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আবু তাহের, খামারি আনজু আরা ও মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা, প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে এ ধরনের আয়োজন প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও খামারিদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
