ঢাকাSunday , 29 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

Mahamudul Hasan Babu
March 29, 2026 2:19 pm
Link Copied!

বাদশা আলম  শেরপুর (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার শেরপুরে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার মতিউর রহমান (৬৯) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মারধরের ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন থাকার পাঁচ দিন পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বর্তমানে আসামিদের ধরতে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।
নিহত মতিউর রহমান উপজেলার সুঘাট ইউনিয়নের শরিফ সুঘাট গ্রামের মৃত মনছের আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহতের ভাতিজি মোমেনা খাতুন কিছুদিন আগে একই গ্রামের বেলাল হোসেনকে ৭৫ হাজার টাকা ধার দেন। এর বিনিময়ে বেলাল হোসেন তাকে একটি জমি লিখে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও দীর্ঘদিন ধরে টাকা বা জমি কোনটিই দিচ্ছিলেন না। গত ২১ মার্চ মতিউর রহমান পাওনা টাকা চাইতে বেলালের বাড়িতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে গত ২২ মার্চ বেলা ১১টার দিকে প্রতিপক্ষের লোকজন মতিউর রহমানের ওপর হামলা চালিয়ে তাঁকে বেধড়ক মারধর করে।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা শেষে তাকে বাড়িতে নেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার পুনরায় অবনতি হলে গত ২৮ মার্চ (শনিবার) আবারও হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় গত ২৮ মার্চ নিহতের ছেলে মো. শফিকুল ইসলাম বাদী হয়ে বেলাল হোসেন (৫৬)সহ ১২ জনের বিরুদ্ধে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন, খোদা বক্স (৫৬), মো. রুবেল (২৭), মো. শাহাদৎ হোসেন (২৮), মো. জাফর আলী(২৫), মো. মিল্লাত হোসেন(২২), মো. জাহিদ (২৯), মো. স্বপন (১৯), মো. নুর আলম (৪০), মো. মোস্তফা (৩২), মোছা. জাহেদা বেগম (৩৫) ও মোছা. বেলি বেগম (২৭)।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) খোকন জানান, “মামলার আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে। তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।