পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে এক বীমা কর্মীকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম পলাতক আসামি মোঃ লাদেনকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব-১৩। বৃহস্পতিবার (২ এপ্রিল) গভীর রাতে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানাধীন পাথরঘাটা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত লাদেন পঞ্চগড় সদর উপজেলার আমতলা এলাকার মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে এবং মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি।
র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-১৩ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী পেশায় একজন বীমা কর্মী। মামলার প্রধান আসামি আশিকুজ্জামান আশিকের সাথে তার পূর্ব পরিচয় ছিল। কিছুদিন আগে দাওয়াত খাওয়ার কথা বলে আশিক ও তার সহযোগীরা ওই নারীকে কৌশলে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। এ ঘটনার পর ভুক্তভোগী নারী বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই লাদেনসহ অন্যান্য আসামিরা আত্মগোপনে চলে যায়।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক ৩ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃত লাদেনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতেও র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
