মোঃ আক্তার হোসেন, ভোলা জেলা প্রতিনিধি:- বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ভোলার বোরহানউদ্দিনে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশন এবং ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গান দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
এরপর সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে গ্রামীণ ঐতিহ্যের আলোকে বর্ণিল সাজে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে সমাপ্ত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পকলা একাডেমির শিশু শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। গ্রামীণ ঐতিহ্যবাহী লোকজ সংগীত, বাউল, জারি ও ভাটিয়ালি গানে উপস্থিত দর্শকরা মুগ্ধ হন।
পরে সকাল সাড়ে ১০টায় গ্রামীণ ঐতিহ্য বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন।
একই সময়ে উপজেলা পরিষদ চত্বরে গ্রামীণ ঐতিহ্যভিত্তিক লোকজ মেলার উদ্বোধন করা হয়, যা দিনব্যাপী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়।
উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে বোরহানউদ্দিনে বাংলা নববর্ষকে বরণ করে নেয় সর্বস্তরের মানুষ।
