ঢাকাThursday , 16 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গা-বরিশাল-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক চার লেনের দাবিতে আমতলীতে ৮ ঘণ্টার গণঅনশন

Mahamudul Hasan Babu
April 16, 2026 3:39 pm
Link Copied!

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি : ভাঙ্গা-বরিশাল-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবিতে বরগুনার আমতলীতে ৮ ঘণ্টাব্যাপী গণঅনশন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমতলী সরকারি একে স্কুল চৌরাস্তা মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘আমতলী সচেতন নাগরিক মহল’-এর ব্যানারে আয়োজিত এ গণঅনশনে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন সাংবাদিক জাকির হোসেন, মো. মোমেন আকন, গণঅধিকার পরিষদের আমতলী উপজেলা শাখার সভাপতি মো. সাইদুর রহমান, মো. নুহু ফকির, জাকির হোসেন মিরাজ ও এনসিপির সদস্য মো. ফারদিনসহ অনেকে।

বক্তারা বলেন, পদ্মা সেতু চালুর পর ভাঙ্গা-বরিশাল-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়েছে। সড়কটি সরু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণহানি বাড়ছে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন।

তারা আরও বলেন, এই মহাসড়ক দ্রুত চার লেনে উন্নীত করা না হলে ভবিষ্যতে দুর্ঘটনার সংখ্যা আরও বাড়বে। পাশাপাশি যানবাহন চলাচল তদারকি ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে সড়কটিতে একটি হাইওয়ে পুলিশ ফাঁড়ি স্থাপনেরও দাবি জানান বক্তারা।

আয়োজক মো. মোমেন আকন বলেন, “ভাঙ্গা-বরিশাল-আমতলী-কুয়াকাটা সড়ক এখন যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন দুর্ঘটনায় মানুষ প্রাণ হারাচ্ছে। তাই দ্রুত এই সড়ক চার লেনে উন্নীত করা জরুরি।”

সাংবাদিক জাকির হোসেন বলেন, “সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা কমাতে হাইওয়ে পুলিশ ফাঁড়ি স্থাপন এখন সময়ের দাবি।”