ঢাকাTuesday , 10 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

Mahamudul Hasan Babu
November 10, 2026 2:25 pm
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ: নওগাঁ শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে আল বারাকা পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শহরের সোনারপট্টি এলাকা থেকে শিশিরকে গ্রেপ্তার করা হয়। অন্য দুজনকে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁ জেলা ছাত্রলীগের সহসভাপতি একরামুল বারী ডলার (২৬), মো. শাহানুর নেওয়াজ লিখন (২৮) এবং শহরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. শিশির (৫৫)।

এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে পাশাপাশি দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাস দুটির প্রায় সবকিছু পুড়ে যায়। শুধু লোহার কাঠামো অবশিষ্ট ছিল। এ ঘটনায় কেউ হতাহত হননি।

বাস মালিক মো. সাগির আহমেদ জানান, দুটি বাসেরই প্রায় সমান ক্ষতি হয়েছে। প্রতিটি বাসের ক্ষতির পরিমাণ ১৫ থেকে ১৬ লাখ টাকা। সব মিলিয়ে প্রায় ৩০ থেকে ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাস দুটি মেরামত করে আবার সড়কে নামাতে দুই থেকে তিন মাস সময় লাগবে।

অগ্নিকাণ্ডের পর বাস মালিক ও স্থানীয় বাসিন্দারা পরিকল্পিতভাবে আগুন দেওয়ার অভিযোগ করেন। তবে পুলিশের প্রাথমিক ধারণা ছিল, কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তের কথা জানিয়েছিল পুলিশ।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও মামলার তদন্ত চলছে। বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।