ঢাকাTuesday , 28 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ইজারা ছাড়াই হাটের খাজনা আদায়ের অভিযোগ 

Mahamudul Hasan Babu
April 28, 2026 12:13 pm
Link Copied!

বাদশা আলম, বগুড়া প্রতিনিধি:বগুড়ার শেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কারও ৩০ মাস, কারও আবার ৫৬ মাসের বেতন বকেয়া রয়েছে। দীর্ঘদিন বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এ অবস্থায় বকেয়া বেতনের দাবিতে সোমবার সকাল থেকে কর্মবিরতি পালন করেছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। তাদের অভিযোগ ইজারা ছাড়াই বারদুয়ারী হাটে খাজনা আদায় করছে একটি চক্র। অথচ বেতন না পেয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন।
শেরপুর পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, নিয়ম অনুযায়ি গত চৈত্র মাসের মধ্যেই শেরপুর বারোদুয়ারী হাটের ইজারা কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা। চলতি অর্থ বছরে হাটের ইজারা মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৪ লক্ষ টাকা। কিন্তু নির্ধারিত সময়ে বিজ্ঞপ্তি দেওয়া হলেও কেউ অংশগ্রহণ করে নাই। তাই বৈশাখের শুরু থেকে পৌরসভার কর্মচারি দিয়ে খাস আদায় করে তহবিলে জমা দেওয়ার কথা। কিন্তু ইজারা ছাড়াই  ইজারা ছাড়াই শেরপুরের বারোদুয়ারী হাটে খাজনা আদায়ের অভিযোগে কর্মকর্তা কর্মচারিদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
শেরপুর পৌরসভার টিকাদানকারী আফরুজা বেগম বলেন, “একদিকে টাকার অভাবে আমাদের বেতন দিচ্ছে না। অন্যদিকে ইজারা ছাড়াই শেরপুর বারোদুয়ারী হাটের খাজনা তোলা হচ্ছে। কারা তুলছে অফিসে জিজ্ঞেস করলে কেউ উত্তর দিতে পারে না। একটা সিন্ডিকেট পৌরসভার টাকা লুটপাট করছে, কিন্তু আমরা বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছি।”
সোমবার বারোদুয়ারী হাট ঘুরে খাজনা আদায়ের সত্যতা পাওয়া যায়। হাটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, নিয়মিতভাবেই বিভিন্ন দোকান ও ব্যবসায়ীদের কাছ থেকে খাজনা আদায় করা হচ্ছে।
কাঁচাবাজারের ব্যবসায়ী নূরুল ইসলাম বলেন, “এখানে অনেক দোকান আছে যারা প্রতিদিন বসে। তাদের কাছ থেকে প্রতিদিন খাজনা আদায় করা হয়।”
মাছ ব্যবসায়ী শাহিন আলম বলেন, “সোমবারে ৩০ টাকা এবং বৃহস্পতিবার ৪০ টাকা করে ইজারাদারের লোকজন খাজনা আদায় করে।”
আরেক মাছ ব্যবসায়ী আলম শেখ বলেন, “আগে যারা খাজনা নিত তারা আর আসে না। তিন হাট হলো ফেরদৌস আলম এসে খাজনা নেয়। সবাই দেয়, তাই বাধ্য হয়ে আমিও দেই।”
মুদিদোকানি টিংকু সাহা বলেন, “ আমরা জেনেছি এই হাট এখনও ইজারা দেওয়া হয়নি। কিন্তু ইজারাদার পরিচয়ে কিছু লোক নিয়মিত আমার কাছ থেকে ১৫০ টাকা করে খাজনা নিচ্ছে। এখানে হাটের দিন ছাড়াও খাজনা আদায় করা হয়। তাদের অত্যাচারে লোকজ অন্য হাটে যাচ্ছে। দিনে দিনে এখানে ব্যবসা করা কঠিন হয়ে যাচ্ছে।
পান দোকানী মদন কুমার চাকী বলেন, আমি পান ও সুপারি বিক্রি করি। প্রতি হাটে আমার কাছ থেকে দুইবার করে খাজনা নেওয়া হয়। একই দোকান থেকে আলাদা পণ্যের জন্য খাজনা আদায় করা অন্যায়।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় এক ব্যক্তি সোহেল রানার লোকজন এই খাজনা আদায় করছেন বলে অভিযোগ রয়েছে। তবে হাটে সোহেল রানাকে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি ইজারাদার নই। পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে খাস আদায় করা হচ্ছে।”
এদিকে ইজারা বিহীন খাজনা আদায়ের বিষয়টি নিয়ে পৌর কর্তৃপক্ষের কাছ থেকেও পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
পৌর প্রশাসনিক কর্মকর্তা ইমরোজ মুজিব বলেন, “গত অর্থবছরে একটি সিস্টেমের মাধ্যমে হাটের খাস আদায় করা হতো। এবারও সেভাবে হওয়ার কথা। কিন্তু কীভাবে খাজনা আদায় হচ্ছে, তা আমার জানা নেই। এ বিষয়ে ইউএনও সাহেব ভালো বলতে পারবেন।”
অন্যদিকে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. সাইদুজ্জামান হিমু বলেন, “টেন্ডার আহ্বান করার পরও কেউ অংশগ্রহণ করেনি। ফলে পৌর কর্মচারীদের মাধ্যমে খাস আদায় করা হচ্ছে। কিন্তু সোমবার তারা কর্মবিরতি পালন করায় আদায় করা হয়নি। অন্য কেউ আদায় করে থাকলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”