ঢাকাTuesday , 28 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

Mahamudul Hasan Babu
April 28, 2026 12:11 pm
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
সকালে জজ আদালত চত্বরে ফিতা কাটা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ জামাল হোসেন। পরে কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় লিগ্যাল এইড মেলা, বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা এবং সেরা প্যানেল আইনজীবীদের মধ্যে পুরস্কার বিতরণ। জজ আদালত প্রাঙ্গণে স্থাপিত চারটি স্টলে লিগ্যাল এইড সংক্রান্ত বিভিন্ন তথ্য, সেবা গ্রহণের পদ্ধতি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়, যা সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা জজ জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইউসুফ আলী এবং লিগ্যাল এইড অফিসার ও সিভিল জজ মজনু মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিল জজ মো. মাহামুদুল হোসেন মুন্না।
এ বছর বিভিন্ন ক্যাটাগরি ও নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে সেরা প্যানেল আইনজীবী নির্বাচিত হন অ্যাডভোকেট ললিত কুমার রায় ও অ্যাডভোকেট মাসুদা পারভিন ইভা। তাদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
লিগ্যাল এইড কার্যক্রমে অগ্রগতি জেলা লিগ্যাল এইড অফিসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ৮১৪টি আবেদন জমা পড়ে, যার মধ্যে ৭১৪টি নিষ্পত্তি করা হয়েছে। এ সময়ে ৩ হাজার ৪৩৬ জন উপকারভোগী সেবা পেয়েছেন। মামলা দায়ের করা হয়েছে ২২৫টি এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) পদ্ধতির মাধ্যমে আপসের মাধ্যমে আদায় হয়েছে ৪৪ লাখ ৪৯ হাজার টাকা। এছাড়া ৭০৩ জন ব্যক্তি বিনামূল্যে আইনি পরামর্শ গ্রহণ করেছেন।
একই সময়ে আদালতে বিচারাধীন ১৯১টি মামলা আপসের মাধ্যমে নিষ্পত্তি করে প্রত্যাহার করা হয়েছে এবং ৮টি ক্ষেত্রে সরেজমিন পরিদর্শন করা হয়েছে।
প্রান্তিক মানুষের দোরগোড়ায় সেবা সাধারণ মানুষের কাছে আইনি সেবা পৌঁছে দিতে জেলার ৫টি উপজেলার প্রতিটি ইউনিয়নে লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক এবং ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের আইনি সচেতনতা বাড়াতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সভা ও মতবিনিময় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মজনু মিয়া বলেন, “আমরা মূলত সেইসব মানুষকে আইনি সহায়তার আওতায় আনতে কাজ করছি, যারা আর্থিক সংকটের কারণে আদালতে যেতে পারেন না। সরকারিভাবে যোগ্য ব্যক্তিদের জন্য বিনামূল্যে আইনজীবী নিয়োগ দিয়ে মামলা পরিচালনার সুযোগ নিশ্চিত করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “শুধু মামলা নয়, বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) পদ্ধতির মাধ্যমে অনেক বিরোধ আদালতের বাইরে দ্রুত ও শান্তিপূর্ণভাবে সমাধান করা হচ্ছে। এতে মামলার জট কমছে এবং মানুষের সময় ও খরচ দুটোই সাশ্রয় হচ্ছে।”
জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, “লিগ্যাল এইড কার্যক্রম দরিদ্র ও অসহায় মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিনামূল্যে আইনি সহায়তা তাদের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধি করছে। এ সেবার পরিধি আরও সম্প্রসারণে জেলা প্রশাসন কাজ করে যাবে।”
সভাপতির বক্তব্যে জেলা জজ জামাল হোসেন বলেন, “অর্থের অভাবে কেউ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়—এই লক্ষ্য নিয়েই লিগ্যাল এইড কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রত্যন্ত এলাকাতেও এ সেবা পৌঁছে দিতে আমরা কাজ করছি।”
ন্যায়বিচার নিশ্চিত করতে রাষ্ট্রীয় উদ্যোগ হিসেবে লিগ্যাল এইড কার্যক্রম ক্রমেই শক্তিশালী হচ্ছে। ঠাকুরগাঁওয়ের এ আয়োজন সেই প্রচেষ্টাকেই আরও বেগবান করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।