ঢাকাWednesday , 29 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে নওগাঁয় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট

Mahamudul Hasan Babu
April 29, 2026 10:53 am
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ: “আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৬” উদযাপন উপলক্ষে নওগাঁয় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে নওগাঁ সদরের মশরপুর বাইপাস এলাকায় ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।

নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান দিনারের নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টে অননুমোদিত ও অতিরিক্ত শব্দসৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৫টি পরিবহনের চালকের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়। এ সময় মোট ৬ হাজার ৮০০ টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়। একই সঙ্গে যানবাহনে স্থাপিত অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে পরিবহন চালক, সহকারী ও পথচারীদের মাঝে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি যানবাহনের গায়ে শব্দদূষণ প্রতিরোধে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত এমন অভিযান চালানোর দাবি জানান।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। তিনি বলেন, “শব্দদূষণ এখন একটি নীরব ঘাতক। অতিরিক্ত শব্দ মানুষের শ্রবণশক্তি হ্রাস, মানসিক চাপ, হৃদরোগ, অনিদ্রাসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। বিশেষ করে অননুমোদিত হাইড্রোলিক হর্ন শহরাঞ্চলে শব্দদূষণের অন্যতম প্রধান কারণ। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অবৈধ হর্নের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “শুধু আইন প্রয়োগ করলেই হবে না, শব্দদূষণ রোধে জনসচেতনতা তৈরি করতে হবে। চালক, মালিক, যাত্রী ও সাধারণ মানুষ সবার সম্মিলিত অংশগ্রহণ ছাড়া শব্দদূষণ নিয়ন্ত্রণ সম্ভব নয়। পরিবেশ অধিদপ্তর নিয়মিত মোবাইল কোর্টের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রাখবে।”

মোবাইল কোর্ট পরিচালনার সময় ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্ব পালন করে। সংশ্লিষ্টরা জানান, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও শব্দদূষণবিরোধী এ ধরনের অভিযান জোরদার করা হবে।