আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর বাইপাস সড়কে মোটরসাইকেল ও পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ইউনুস আলী (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউনুস আলী চুয়াডাঙ্গা জেলার এতিমখানা পাড়ার মৃত শাহাজাদ শেখের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনুস আলী মোটরসাইকেলে করে মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মুজিবনগর উপজেলার ভবনন্দপুর গ্রামের মহিদের ছেলে হাপি চালিত একটি পাখি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় ইউনুস আলী ও মোটরসাইকেল চালক রাশেদ গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইউনুস আলীকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহত রাশেদের চিকিৎসা চলছে।
