এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বিরলে পুকুর খনন করার সময় পরিত্যাক্ত অবস্থায় মর্টার শেল সাদৃশ্য একটি বস্তু উদ্ধার করা হয়েছে।
বস্তুটি উদ্ধারের পর নিরাপত্তার সার্থে এবং পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য গত প্রায় ২ দিন যাবত ঘটনা স্থলে পাহারা দিচ্ছেন পুলিশ ও আনসার বাহিনী।
জানা গেছে, শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার ১১ নং পলাশবাড়ী ইউনিয়নের আগ্রা সিয়পুর গ্রাম নামক স্থানে একই গ্রামের মৃত আব্দুল হক এর ছেলে মহসিন আলীর পুকুর পাড় বাঁধার কাজ করার সময় একটি শক্ত লোহার অংশ কোদালে লাগে। এসময় শক্ত ওই লোহার বস্তুটি মাটি খুঁড়ে উপরে তুললে প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান এটি মর্টার শেল সাদৃশ্য বস্তু বলে অনুমান করেন।
পরে পুলিশকে সংবাদ দেয়া হলে বিরল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এবং এরিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও আনসার বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছিলো।
এদিকে প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন, উদ্ধার হওয়া বস্তুটির আনুমানিক দৈর্ঘ্য প্রায় ০৯.৬ ইঞ্চি এবং বেড় প্রায় ০৬ ইঞ্চি হতে পারে।
খবরটি ছড়িয়ে পড়ার কারণে মর্টার শেল সাদৃশ্য বস্তুটি একনজর দেখার জন্য আশ-পাশের লোকজন ঘটনাস্থলে ভীড় করছে।
এব্যাপারে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-ইমরান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা মর্টার শেল সাদৃশ্য একটি বস্তু জব্ধ করেছি। ঘটনাস্থলে এখনো আমরা নিরাপত্তা দিচ্ছি এবং নিষ্ক্রিয়করণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আমরা বিজ্ঞ আদালতে আবেদন করেছি। আদলতের নির্দেশনা মোতাবেক আমরা পরবর্তী কার্যক্রম গ্রহন করবো।
