সবুজ হোসেন, নওগাঁ:জ্বালানি তেলের সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য, নওগাঁ জেলা শাখা।
শনিবার (২ মে) বিকেল ৫টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় মডেল মসজিদ এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষ আজ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দিশেহারা। চাল, ডাল, তেল, চিনি, সবজি থেকে শুরু করে প্রতিটি পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। একই সঙ্গে জ্বালানি তেলের অস্থিরতা জনজীবনকে আরও বিপর্যস্ত করে তুলেছে। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বাজারে পণ্যমূল্যও লাগামহীন হয়ে উঠেছে।
বক্তারা আরও বলেন, জ্বালানি তেলের সংকট দ্রুত নিরসন, বাজারে কার্যকর নজরদারি বৃদ্ধি এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতারা অভিযোগ করে বলেন, জনগণের ন্যায্য অধিকার ও মৌলিক চাহিদা উপেক্ষা করে সরকার একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই বলেও তারা মন্তব্য করেন।
১১ দলীয় ঐক্য, নওগাঁ জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা। এসময় তারা কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জনস্বার্থে দাবি আদায়ে রাজপথে থাকার ঘোষণা দেন।
বিক্ষোভ মিছিলে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত জোটভুক্ত দলগুলোর নেতাকর্মীরা অংশ নেন। এসময় তাদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার দেখা যায়। মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীরা “দ্রব্যমূল্য কমাও, জনজীবন বাঁচাও”, “জ্বালানি সংকট দূর করো”, “জনগণের দাবি মানতে হবে”সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ দাবি আদায়ে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। নওগাঁ শহরে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ মানুষেরও উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।
