রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ একসময় গ্রামবাংলার সকালটা শুরু হতো বটগাছের তলায় কিংবা হাটের কোণে পিঁড়ি পেতে বসা নাপিতের সেই চিরচেনা আড্ডায়। মেঠো পথের ধারে আয়না-চিরুনি আর খুর-কাঁচি নিয়ে বসা সেই ‘নড়েষ’ (অনুপম) দৃশ্যটি এখন গ্রামবাংলা থেকে বিলুপ্তির পথে। আধুনিক সেলুন আর জৌলুসের ভিড়ে হারিয়ে যাচ্ছে হাজার বছরের এই গ্রামীণ ঐতিহ্য ও নাপিত পেশার সেই আদি রূপ।
গ্রামের বয়োজ্যেষ্ঠদের আব্দুল কুদ্দুস সাথে কথা বলে জানা যায়,আগে প্রতিটি গ্রামে নির্দিষ্ট ‘নাপিত তলা’ বা গাছের ছায়া ছিল যেখানে গ্রামবাসীরা ভিড় জমাতেন। কাঠের একটি ছোট্ট বাক্সে থাকতো ক্ষুর,কাঁচি,ফিটকিরি আর পুরনো একটি আয়না। কেবল চুল বা দাড়ি কাটাই নয়,ওই জায়গাটি ছিল গ্রামের খবরাখবর আদান-প্রদানের একটি সামাজিক মিলনস্থল। কিন্তু বর্তমানে নগরায়নের প্রভাবে গ্রামের সেই খোলামেলা পরিবেশে নাপিতের দেখা মেলা ভার। তাদের জায়গা দখল করে নিয়েছে আধুনিক ডেকোরেশন আর এসি সম্বলিত আধুনিক হেয়ার ড্রেসিং সেলুন ও পালার।
স্মৃতিতে অমলিন সেই ‘নড়েষ’ আবহ প্রবীণ কৃষক রহমত আলী আক্ষেপ করে বলেন,”আগে নাপিত দাদা বাড়ি বাড়ি এসে চুল কেটে দিতেন। শুধু কাজ নয়,ছিল আত্মার সম্পর্ক। এখন সেলুনে সিরিয়াল দিতে হয় কিন্তু সেই আন্তরিকতা আর প্রকৃতির খোলা বাতাস আর পাওয়া যায় না।”
অনুসন্ধানে দেখা গেছে,এই পেশাটি বিলুপ্ত হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে: আধুনিক প্রযুক্তির দাপট: উন্নত ট্রিমার এবং আধুনিক সাজসজ্জার সরঞ্জামের কাছে হার মানছে পুরনো কাঁচি আর খুর। নতুন প্রজন্মের কারিগররা এখন খোলা আকাশের নিচে বসতে আগ্রহী নন। তারা শহরের জৌলুসপূর্ণ সেলুনকে বেছে নিচ্ছেন।
আগেকার সেই ঐতিহ্যবাহী কাঠের বাক্স কিংবা পিতলের বাটি এখন এন্টিক হিসেবেই বেশি পরিচিত। পেশা বদল
করছেন কারিগররা পূর্বপুরুষের এই পেশা ধরে রাখা এখন কঠিন হয়ে পড়েছে বলে জানান অনেক নাপিত। আয় কমে যাওয়া এবং মানুষের চাহিদার পরিবর্তনের ফলে অনেকেই বাধ্য হয়ে অন্য পেশায় চলে যাচ্ছেন। ফলে গ্রামবাংলার নিভৃত পল্লীর সেই শান্ত ও স্নিগ্ধ দৃশ্যগুলো আজ কেবল ছবির ফ্রেমে বন্দি হওয়ার অপেক্ষায়।
পেশার ঐতিহ্য নিয়ে অমৃত মোদক নড়েষের আকুতি:
দীর্ঘদিন ধরে এই পেশার সাথে যুক্ত প্রবীণ কারিগর অমৃত মোদক নড়েষ কিছুটা ভেজা চোখে স্মৃতিচারণ করে বলেন,”আমাদের এই কাজটা শুধু চুল-দাড়ি কাটা ছিল না, এটা ছিল একটা শিল্প। আগে এই কাঠের বাক্সের ভেতর আমাদের পুরো সংসার থাকতো। মানুষ আসতো,সুখ-দুঃখের কথা হতো। এখন যুগ পাল্টেছে,লোকে এখন এসি ঘরে দামী চেয়ারে বসে চুল কাটতে পছন্দ করে। আমাদের মতো পুরনো কারিগরদের কদর আর নেই। পেটের তাগিদে নতুন প্রজন্ম এখন আর এই রোদে-বৃষ্টিতে পিঁড়ি পেতে বসতে চায় না। এভাবেই হয়তো একদিন আমাদের এই ‘নাপিত তলা’র কথা মানুষ ভুলেই যাবে।”
কৃষ্ণ ঋষি বলেন,”আগে সকালবেলা শান পাথরে ঘষে কাঁচি আর খুর শানানোর শব্দেই দিন শুরু হতো। চামড়ার ফিতেয় খুর ঘষতে ঘষতে কত মানুষের সাথে কত গল্প করেছি। এখন তো সব মেশিনের যুগ,শান পাথরে ধার দেওয়ার সেই যত্ন আর কারো নেই। আমাদের হাতের সেই ‘শানানো’ ধারের কদরও আধুনিক সেলুনের ভিড়ে হারিয়ে গেছে।”
নিত্য মােদক,পলাশ মোদক ও পুতুল বলেন,গ্রামবাংলার প্রতিটি ধূলিকণায় লুকিয়ে ছিল যে ঐতিহ্য সেই ‘নড়েষ’রূপ আজ যান্ত্রিকতার তলায় পিষ্ট। নাপিতের সেই মেঠো আড্ডা বা গাছের তলার ক্ষৌরকর্ম কেবল একটি পেশা ছিল না,ছিল আমাদের সংস্কৃতির অংশ। এই ঐতিহ্যগুলোকে ধরে রাখতে না পারলে আগামীর গ্রাম হবে প্রাণহীন এক নগর।
