মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃরংপুরের পীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আমিনুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় উপজেলার সোনাকান্দর জামতলা এলাকায় তাঁর নিজ বসতবাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
আটক আমিনুল ইসলাম উপজেলার সোনাকান্দর (পূর্বপাড়া) গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার এসআই চন্দন কুমার রায়ের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। অভিযানের সময় আমিনুল ইসলাম পালানোর চেষ্টা করলে তাঁকে ধাওয়া করে হাতেনাতে আটক করা হয়।
পরে তাঁর বসতবাড়ির শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের কৌটার ভেতরে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা। এ ছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং বিক্রয়লব্ধ নগদ ১০ হাজার ২০০ টাকা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমূল হক জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে । মামলা নং-১১/১৩৮।
