সবুজ হোসেন, নওগাঁ:নওগাঁর সাপাহারে “জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প”-এর আওতায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্টেকহোল্ডার ক্যাম্পেইন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মশালায় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মৎস্যজীবী প্রতিনিধি ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান এমপি। তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি চাহিদা পূরণ ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্যসম্পদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক জলাশয়, বিল ও খাল সংরক্ষণ করা না গেলে ভবিষ্যতে দেশীয় মাছের অস্তিত্ব সংকটে পড়বে। এজন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সংসদ সদস্য আরও বলেন, “মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে প্রজনন মৌসুমে মাছ আহরণ বন্ধ রাখতে হবে। অবৈধ কারেন্ট জাল, বিষ ও অন্যান্য ক্ষতিকর উপকরণ ব্যবহার সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। বিল ও জলাশয় রক্ষা করতে পারলে স্থানীয় জেলেদের জীবনমান যেমন উন্নত হবে, তেমনি পরিবেশের ভারসাম্যও বজায় থাকবে।”
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ। তিনি বলেন, টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণও জরুরি। সচেতনতা বৃদ্ধি করা গেলে বিল ও জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণ সহজ হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
বক্তারা বলেন, জবই বিল ও আশপাশের বিলসমূহ এ অঞ্চলের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। কিন্তু অপরিকল্পিত মাছ আহরণ, জলদূষণ ও পরিবেশগত নানা কারণে এসব জলাশয়ের মৎস্যসম্পদ হুমকির মুখে পড়েছে। এ অবস্থায় সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মাছের নিরাপদ প্রজনন, পরিবেশ সংরক্ষণ ও জেলেদের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা অবৈধ কারেন্ট জাল বন্ধ, জলাশয় দখল ও দূষণ প্রতিরোধ, প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী এ কর্মশালায় মৎস্যসম্পদ উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
