রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদক সেবনের অপরাধে চার যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে উপজেলা সদরের হাসপাতাল গেট ও বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের এই কারাদণ্ড প্রদান করা হয়।
কারাদণ্ডপ্রাপ্ত চার যুবক হলেন- রাণীনগর উপজেলা সদরের পশ্চিম বালুভরা গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে মো. শিহাব (২৯), নাছির মোল্লার ছেলে মো. রাশেদ মোল্লা (২৩), বাহাদুরপুর গ্রামের মৃত মখলেছুর রহমানের ছেলে মহসিন (২২) ও নওগাঁ সদর উপজেলার মন্ডলপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. জনি (৩১)।
নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস টিম, রাণীনগর থানা পুলিশ ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা যৌথ এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, উপজেলা সদরের হাসপাতাল গেট এলাকায় ৩ যুবক মাদক সেবন করে প্রকাশ্যে মাতলামি করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিমকে নিয়ে অভিযান পরিচালনা করি। অভিযানে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ওই তিন যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও একশ’ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া থানা পুলিশকে সঙ্গে নিয়ে সদর বাজারে অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
