মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলায় সিএনজি চালকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির অভিযোগ তুলে তা বন্ধের দাবি এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকিরের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সিএনজি চালকরা।
শনিবার সকালে আমতলীর স্থানীয় ডাকবাংলোর হলরুমে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে অর্ধশতাধিক সিএনজি চালক অংশগ্রহণ করেন। তারা অভিযোগ করেন, পৌর শ্রমিক দল নেতা ও তার সহযোগীরা চালকদের কাছ থেকে মাসিক ও দৈনিক ভিত্তিতে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করে আসছেন।
লিখিত বক্তব্যে সিএনজি চালক মো. আমিরুল ইসলাম বলেন, আমতলী পৌর শ্রমিক দলের সভাপতি মো. মিল্টন হাওলাদার মারধর ও সিএনজি চালানো বন্ধের হুমকি দিয়ে শতাধিক চালকের কাছ থেকে প্রতি মাসে তিন হাজার টাকা করে প্রায় তিন লাখ টাকা এবং প্রতিদিন লাইন খরচ বাবদ প্রতিটি সিএনজি থেকে ২০ টাকা করে অতিরিক্ত অর্থ আদায় করতেন।
তিনি আরও জানান, গত ৫ এপ্রিল নতুন বাজার চৌরাস্তা এলাকায় চাঁদা আদায়ের সময় ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির। পরে তিনি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিল্টন হাওলাদার ও তার সহযোগী সুমনকে আটক করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এ ঘটনার পর একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি নেতা জালাল উদ্দিন ফকিরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং তার সম্মান ক্ষুণ্নের চেষ্টা করছে।
সিএনজি চালক মো. আলী হোসেন বলেন, “চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় জালাল উদ্দিন ফকিরের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।”
অন্যদিকে সিএনজি চালক মো. ইউনুছ জানান, গত ২ মার্চ স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও পরিবহন সংশ্লিষ্টদের উপস্থিতিতে সিএনজি ও মাহেন্দ্রা স্ট্যান্ডকে চাঁদাবাজিমুক্ত এলাকা ঘোষণা করা হলেও তা কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
তবে আমতলী উপজেলা পৌর শ্রমিক দলের সভাপতি মো. তরিকুল ইসলাম সোহাগ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কখনোই বিএনপি নেতা জালাল উদ্দিন ফকিরের বিরুদ্ধে অপপ্রচার করেননি।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ বলেন, বর্তমানে সিএনজি ও মাহেন্দ্রা স্ট্যান্ডে কোনো ধরনের চাঁদাবাজি নেই। ভবিষ্যতে কোথাও এমন অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
