মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) পাবনার ভাঙ্গুড়া উপজেলা উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের শাহানগর এলাকায় ভেজাল দুধ তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় বিপুল পরিমাণ ভেজাল মিশ্রিত দুধ ও জেলি জব্দ করে ধ্বংস করা হয়।
শনিবার (৯ মে) রাত ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফুজ্জামান।
অভিযানে সেনগ্রাম এলাকার বাসিন্দা মো. সাকায়াত আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি মৃত আকবর হোসেনের ছেলে।
একই মামলায় সহযোগী অভিযুক্ত হিসেবে শাহানগর এলাকার মো. সুমন আলীকেও একই আইনের ৫০ ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনি জমশেদ আলীর ছেলে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, অভিযানের সময় ৭৩ কেজি জেলি ও প্রায় ৭০০ কেজি ভেজাল মিশ্রিত দুধ জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৬৪ হাজার টাকা।
তিনি আরো জানিয়েছেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
