ঢাকাMonday , 11 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নৈতিক শিক্ষায় গড়বে সুশাসনের বাংলাদেশ: এমপি ধলু

Mahamudul Hasan Babu
May 11, 2026 2:06 pm
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ: নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু বলেছেন, কেবল পুঁথিগত বিদ্যা অর্জন করলেই একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে না। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, মানবিক গুণাবলি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বেড়ে উঠতে হবে। তাহলেই ভবিষ্যতে একটি সুশাসনভিত্তিক, উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গঠন সম্ভব হবে।

সোমবার (১১ মে) বিকেলে নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে এসব সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধানমন্ত্রীও তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করার ওপর গুরুত্ব দিচ্ছেন। তাই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করতে হবে।

বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী হোসনে আরা পঞ্চ, নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, নওগাঁ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার এস. এম. ওয়াজেদ আলী, নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা, নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পিপি রেজাউল করিম ঝন্টু, জেলা কৃষক দলের সদস্য সচিব দুলু এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।