ঢাকাTuesday , 12 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বালিয়াডাঙ্গীতে জিংক সমৃদ্ধ ধান ও গমের বাজারজাতকরণ নিয়ে অংশীজনদের মতবিনিময়

Mahamudul Hasan Babu
May 12, 2026 11:07 am
Link Copied!

আল মামুন জীবন  বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জিংক সমৃদ্ধ ধান ও গমের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে ‘রিআ্যক্টস-ইন’ (REACTS-IN) প্রজেক্টের আওতায় হারভেস্ট প্লাস বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ এই সভার আয়োজন করে।

সভায় বক্তারা বলেন, জিংক সমৃদ্ধ শস্য জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হলে ভ্যালু চেইন বা উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত শৃঙ্খল ঠিক রাখা জরুরি। বিশেষ করে কৃষকের মাঠ থেকে ধান সংগ্রহের পর তা রাইস মিল পর্যন্ত পৌঁছানো এবং বাজারজাতকরণের সময় যেন অন্য সাধারণ জাতের সাথে মিশে না যায়, সেদিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া ভোক্তারা যেন প্যাকেটজাত জিংক সমৃদ্ধ চাল সহজেই চিনতে পারেন, সেই প্রক্রিয়া নিয়েও সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস, আরডিআরএস বাংলাদেশের রিজিওনাল ম্যানেজার গোলজার হোসেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বালিয়াডাঙ্গী শাখার ব্যবস্থাপক ফজলে রাব্বী এবং হারভেস্ট প্লাসের প্রজেক্ট ম্যানেজার শাহিনুল কবির প্রমুখ এতে বক্তব্য দেন।

এ সময় আরডিআরএস বাংলাদেশের কৃষি অফিসার আব্দুল্লাহ আল বাকীসহ জিংক সমৃদ্ধ ধান উৎপাদনকারী কৃষক, স্থানীয় ব্যবসায়ী এবং চাল উৎপাদনকারী মিল মালিকেরা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা জিংক সমৃদ্ধ শস্যের প্রসারে মাঠ পর্যায়ে বিদ্যমান চ্যালেঞ্জ ও তা উত্তরণের উপায় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।