ঢাকাTuesday , 12 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দোয়ারাবাজারে ফুটবলের নতুন দিগন্ত বর্ণাঢ্য আয়োজনে নরসিংপুর ইউনিয়ন ফুটবল একাডেমির শুভ উদ্বোধন।

Mahamudul Hasan Babu
May 12, 2026 2:08 pm
Link Copied!

​সুমন আহমদ, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং তৃণমূল থেকে দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে যাত্রা শুরু করলো নরসিংপুর ইউনিয়ন ফুটবল একাডেমি। মঙ্গলবার (১২ মে) উপজেলার ঐতিহ্যবাহী ঘিলাছড়া স্কুল এন্ড কলেজ মাঠে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই একাডেমির শুভ উদ্বোধন করা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংপুর ইউনিয়নের চারবারের সফল সাবেক চেয়ারম্যান এবং বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব হাবিবুর রহমান। একাডেমির সভাপতি ফয়জুল ইসলাম ও সহ-সভাপতি মোঃ হিমেল আহমদ-এর ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমানে ১০২ জন প্রশিক্ষণার্থী নিয়ে এই একাডেমির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

এলাকার প্রবীণ ও নবীন ক্রীড়ানুরাগীদের উপস্থিতিতে ঘিলাছড়া মাঠটি আজ উৎসবে রূপ নেয়। উদ্বোধনী বক্তৃতায় প্রধান অতিথি আলহাজ্ব হাবিবুর রহমান বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম। নরসিংপুর ইউনিয়নের ফুটবল ঐতিহ্যের একটি আলাদা পরিচিতি রয়েছে। এই একাডেমি গঠনের ফলে আমাদের সন্তানরা শুধু এলাকা নয়, বরং জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে এবং এলাকাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে বিশেষ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে একাডেমির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন নরসিংপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ ঈসরাইল আলী ,বিশিষ্ট সমাজসেবক গোলাম মোস্তফা, বাদশাহ মিয়া, আখল আলী, আবজাল হোসেন, রফিকুল ইসলাম, ইব্রাহিম আলী, আরকুন আলী, জমির হোসেন, নাজির উদ্দিন, রায়হান আহমেদ, ফয়েজ আহমদ এবং আবুল হোসেন প্রমুখ।

একাডেমির কর্মকর্তারা জানান, এলাকার প্রতিভাবান তরুণদের সঠিক দিকনির্দেশনা এবং নিয়মিত প্রশিক্ষণের অভাবেই অনেক সময় ফুটবলাররা ঝরে পড়ে। এই ১০২ জন সদস্যকে আধুনিক ফুটবল কলাকৌশল শেখানোর মাধ্যমে একটি সুসংগঠিত দল হিসেবে গড়ে তোলাই একাডেমির মূল লক্ষ্য। অনুষ্ঠানে আগত বক্তারা বলেন, ফুটবল মানেই নির্মল আনন্দ। আমাদের এলাকায় ফুটবলের এই নতুন দিগন্ত উন্মোচিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

এদিকে, নরসিংপুর ইউনিয়ন একাডেমির উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। দীর্ঘ প্রতীক্ষার পর এমন একটি সুশৃঙ্খল একাডেমি গঠিত হওয়ায় এলাকাবাসী আয়োজকদের সাধুবাদ জানিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের নিয়ে মাঠের সবুজ গালিচায় আনন্দ উৎসবে মেতে ওঠেন খেলোয়াড় ও সাধারণ দর্শকরা।