বাদশা আলম, বগুড়া – দেশের নবগঠিত ১৩তম বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব মো. রবিউল ইসলামের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
নিয়োগপ্রাপ্ত এম আর ইসলাম স্বাধীন বগুড়া সদরের মালতিনগর এলাকার বকশিবাজার সড়কের বাসিন্দা। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সিটি কর্পোরেশনের নতুন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত প্রশাসক হিসেবে তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা ও ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এ আদেশের পর ১৯ মে সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে যোগদান করেন নবনিযুক্ত এম আর ইসলাম স্বাধীন। তিনি বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি।
এ নিয়ে নবনিযুক্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, দায়িত্ব পাওয়ায় তিনি প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞ। তিনি বগুড়াকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি জানান, প্রাথমিক বরাদ্দ দিয়ে পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ শুরু করা হবে। জলাবদ্ধতা নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
