ঢাকাTuesday , 19 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষিকার মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু, বদলগাছীতে শোকের ছায়া

Mahamudul Hasan Babu
May 19, 2026 1:58 pm
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ: নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষিকার মর্মান্তিক মৃত্যুর পর সেই খবর শুনে একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। একই দিনে পরপর দুই মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার চাকরাইল বটতলী মোড়ে সিএনজিচালিত অটোরিকশা ও ধান মাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে নিহত হন বদলগাছী লাবণ্য প্রভা ও কমিউনিটি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক কুলছুম। তিনি উপজেলার সদর দর্গাপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ জাহান। তিনি সদর উপজেলার গোরশাহী গ্রামের বাসিন্দা। আহত অবস্থায় প্রথমে তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোরশাহী এলাকা থেকে রাজশাহীগামী একটি সিএনজিচালিত অটোরিকশা চাকরাইল বটতলী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধান মাড়াই মেশিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিক্ষিকা কুলছুম নিহত হন।
এদিকে শিক্ষিকার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিম তা দেখে মানসিকভাবে ভেঙে পড়ে এবং হঠাৎ অসুস্থ হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাসনিমের বাবা আবুল কালাম বলেন, “আমার মেয়ে ফেসবুকে তার প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর দেখেই অজ্ঞান হয়ে পড়ে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে বাঁচাতে পারেননি।”
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান নাহিদ বলেন, “আকস্মিক ও মর্মান্তিক কোনো ঘটনা অনেক সময় শারীরিক জটিলতার কারণ হতে পারে। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করেছে।
বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষিকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাও জানা গেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
একই দিনে শিক্ষিকা ও শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বদলগাছীজুড়ে নেমে এসেছে গভীর শোক।