এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বিরলে উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। সাধারণ মানুষের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত সেবা পৌঁছে দিতে এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।
মঙ্গলবার দুপুরে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসাবে বিরল উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রেজাউল ইসলাম।
উপজেলা ভূমি অফিসের নাজির রুবেল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের তশীলদারগণ, উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সেবাগ্রহীতা, সাধারণ মানুষ’সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে একটি বর্ণাঢ্য রালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং উপজেলা ভূমি অফিসে স্থাপিত তথ্য কেন্দ্র ও সেবা বুথ পরিদর্শন করেন অথিতিবৃন্দ।
ভূমিসেবা মেলায় উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে উপজেলা ভূমি অফিস চত্বরে তথ্য কেন্দ্র ও সেবা বুথে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, অনলাইন সেবা ও বিভিন্ন ভূমি সংক্রান্ত তথ্যসেবা প্রদান করা হচ্ছে।
