ঢাকাThursday , 21 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
May 21, 2026 10:19 am
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ: “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” এর আওতায় পার্টনার কংগ্রেস ২০২৬ নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কৃষি, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে এ কংগ্রেসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু। প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষক প্রতিনিধি, নারী উদ্যোক্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু বলেন, বর্তমান সরকার কৃষি ও গ্রামীণ উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তরুণ উদ্যোক্তা তৈরিতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি বলেন, “বাংলাদেশকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে হলে কৃষি ও গ্রামীণ জনগোষ্ঠীকে আরও শক্তিশালী করতে হবে। পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি এবং দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।”

তিনি আরও বলেন, কৃষকের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ সুবিধা এবং বাজার ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে হবে। পাশাপাশি নারীদের কৃষিভিত্তিক উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারি ও বেসরকারি উদ্যোগকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নকে একসঙ্গে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, “পার্টনার প্রকল্প শুধু কৃষি উৎপাদন বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্যোগ সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

তিনি আরও বলেন, মাঠ পর্যায়ে কৃষকদের সচেতনতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং টেকসই কৃষি চর্চা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ একযোগে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের মাধ্যমে কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

প্রধান বক্তার বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মনিরুল ইসলাম আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টিসমৃদ্ধ ফসল চাষ এবং কৃষিতে উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি কৃষকদের জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় অভিযোজনমূলক কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষক ও উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন পরামর্শ ও তথ্য উপকরণ বিতরণ করা হয়।