এম এ কুদ্দুস (বিরল) দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ থেকে একযোগে ৪ নেতা পদত্যাগের ঘোষনা দিয়েছেন। তারা হলেন, বিরল উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের বর্তমান সদস্য মোঃ আব্দুল লতিফ, কোষাধক্ষ্য মোঃ মোফাচ্ছেল হক ছেলু, সদস্য রকিবুল আলম বাবু এবং বিরল পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন সাজু।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বিরল প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে লিখিত বক্তব্যের মাধ্যমে তারা এই ঘোষণা দেন।
সকলের পক্ষথেকে লিখিত বক্তব্য পাঠ করে শুনান মোঃ আব্দুল লতিফ। তিনি তার লিখিত বক্তব্যে বলেন,
সম্মানিত সাংবাদিক ভাইয়েরা সালাম ও শুভেচ্ছা নিবেন। আপনারা অবগত আছেন যে, আমরা ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে আসছি। এরই সাথে বিগত দিনে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলাম। যা আমাদেরকে সমাজের সাধারণ মানুষের সাথে ভালোভাবে নেয়া হচ্ছে না। তাই আমরা এখন থেকে আর কোনদিন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করবো না বলে ঘোষণা করছি এবং আমাদের অতীতের কোন পদ-পদবী অদ্য হতে আর কোথাও ব্যবহার করা হবে না বলে ঘোষণা প্রদান করছি। আমরা অদ্য হতে সাধারণ মানুষের ন্যায় চলাফেরা করব এবং জীবিকা নির্বাহের জন্য আমরা আমাদের ব্যবসায়ী কার্যক্রম রাজনৈতিক প্রভাবমুক্তভাবে পরিচালনা করব।
তাই অদ্য হতে আমাদের সকল রাজনৈতিক পরিচয় হতে আমরা অব্যাহতি গ্রহণপূর্বক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদেরকে রাজনীতিমুক্ত ঘোষণা প্রদান করে সর্বমহলে সাধারণ মানুষের ন্যায় জীবন যাপনে অঙ্গীকারবদ্ধ হলাম। সবার জন্য সুস্থতা কামনা করে আমাদের জন্য দোয়া চেয়ে অদ্যকার সংবাদ সম্মেলন সমাপ্ত করলাম।
