ঢাকাMonday , 1 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে চাঁদা দাবির অভিযোগে ইটভাটায় হামলা-ভাঙচুর, আহত ২; থানায় অভিযোগ

Mahamudul Hasan Babu
June 1, 2026 4:44 pm
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা  পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ উপজেলায় চাঁদা দাবিকে কেন্দ্র করে একটি ইটভাটায় হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভাটার মালিকসহ দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মদনখালী ইউনিয়নের ঠাকুরদাস লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত এএইচবি ব্রিকস নামের ইটভাটায় দীর্ঘদিন ধরে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মো. শফিক কাজী। তার দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত এস কে আলমগীর বাদশা ভাটার মালিকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি অনুযায়ী টাকা না দেওয়ায় গত ৩১ মে সকাল সাড়ে ১১টার দিকে এস কে আলমগীর বাদশার নেতৃত্বে একদল লোক ইটভাটায় প্রবেশ করে হামলা চালায়।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা লাঠিসোঁটা, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে ভাটার মালিক আব্দুল আজিজের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়িভাবে মারধর করে। এতে তার মাথা, বুক, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। হামলার সময় অভিযোগকারী শফিক কাজীকেও মারধর করা হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে গুরুতর আহত আব্দুল আজিজকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা ভাটার অফিস থেকে নগদ ৩ লাখ ৬৫ হাজার ৫৫০ টাকা জোরপূর্বক নিয়ে যায়। এছাড়া ভাটার বিভিন্ন যন্ত্রপাতি ও মালামাল ভাঙচুর করা হয়। প্রায় ১০ হাজার ইট ভাঙচুরের ফলে আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি একটি স্যালো মেশিন ও একটি ব্লোয়ার (অফার) মেশিন ভাঙচুরে আরও প্রায় ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে কয়েক লাখ টাকার ক্ষতির অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় মোসলেম মিয়া, রোস্তম মিয়া, দুদু মিয়া, রহিম বাদশা, নালু মিয়া, এস কে আলমগীর বাদশা ও সৈকত মিয়াসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে অভিযুক্ত করে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।