নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও::ঠাকুরগাঁও সদর উপজেলার ফয়সাল রিসোর্টের কনফারেন্স হলে ‘অধিক দুধ উৎপাদন, গাভী পালন ও লাভজনক খামার গঠন’ শীর্ষক একদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে মঙ্গলবার (২ জুন) এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকার গবাদিপশু খামারিরা অংশগ্রহণ করেন। গৃহ পর্যায়ে দুগ্ধ গাভী পালন, খাদ্য ব্যবস্থাপনা, উন্নত প্রজনন পদ্ধতি, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা এবং খামার ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, সদর, ঠাকুরগাঁওয়ের ভেটেরিনারি সার্জন ডা. মো. আমিনুর রহমান। সভাপতিত্ব করেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের রংপুর রিজিওনের রিজিওনাল সেলস ম্যানেজার ডা. মো. এরমান আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন এএসএম মো. আবু সায়েম।
এ সময় ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারী মোহাম্মদ রাজিকুল ইসলাম রাজু সার্বিক সহযোগিতা করেন।
বক্তারা বলেন, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে গাভী পালন, উন্নত প্রজনন প্রযুক্তির ব্যবহার এবং নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে দুধ উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। একই সঙ্গে খামারের উৎপাদন ব্যয় কমিয়ে লাভজনকতা বৃদ্ধি করা সম্ভব হবে।
প্রশিক্ষণে দুধ উৎপাদন বৃদ্ধি, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, সঠিক প্রজনন ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্ন খামার পরিচালনা এবং লাভ বৃদ্ধির বিভিন্ন কৌশল হাতে-কলমে উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীদের আগ্রহ ও সম্পৃক্ততা বাড়াতে একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী খামারিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, কৃষকদের দক্ষতা বৃদ্ধি, উৎপাদনশীলতা উন্নয়ন এবং নিরাপদ দুগ্ধ উৎপাদন নিশ্চিত করতে দেশের বিভিন্ন জেলায় বছরব্যাপী এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
