সবুজ হোসেন, নওগাঁ: নওগাঁর রাণীনগরে মামাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোছা. সুমাইয়া (৮) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার সাহাগোলা ইউনিয়নের বহলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আত্রাই উপজেলার খট্টেশ্বর গ্রামের মো. ওয়াসিমের মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, সুমাইয়া তার মামাবাড়ি উপজেলার সাহাগোলা ইউনিয়নের বহলা গ্রামে বেড়াতে যায়। বুধবার বেলা আনুমানিক ১২টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে পুকুরে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। তবে পরিবারের সদস্যরা বিষয়টি মেনে নিতে না পেরে উন্নত চিকিৎসার আশায় তাকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানেও চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া মন্ডল।
